কমলগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ডের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত ‘ফ্যাশন ডিজাইন’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত ৭ কার্যদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৮ জন নারী ও পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক বিতরণ করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু এবং বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মো. সালাউদ্দিন শুভ।
অনুষ্ঠানে কারিগরি দিক তুলে ধরে বাংলাদেশ তাঁত বোর্ডের সিনিয়র ইন্সপেক্টর মো. গোলজার হোসেন বলেন, সারা দেশে বাংলাদেশ তাঁত বোর্ডের মাত্র তিনটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্র রয়েছে, যার মধ্যে কমলগঞ্জ অন্যতম। এই কেন্দ্রে এ পর্যন্ত সাতটি গ্রুপ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। দক্ষ জনশক্তি গড়তে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, ৭ম ব্যাচের ১৮ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে দৈনিক ৫০০ টাকা হারে মোট ৩ হাজার ৫০০ টাকার ভাতার চেক এবং সনদ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক ফ্যাশন ডিজাইন, পোশাক প্রস্তুতকরণ ও নকশা তৈরির বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ ওয়াহিদ রুলু বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বেকারত্ব দূর করতে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন আশার আলো। এখান থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী শেষে প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
