কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো রাস্তা কেটে প্রতিবন্ধকতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহৃত একটি রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার (১৩ জুন) স্থানীয় গ্রামবাসী এক প্রতিবাদ সভা করেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পূর্ব সময় থেকে প্রায় ৬০ বছর ধরে রামচন্দ্রপুর গ্রামের মানুষ এবং দেওরাছড়া চা বাগানের একাংশের শ্রমিকসহ শতাধিক পরিবারের কয়েকশ মানুষ এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করছেন। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীসহ অন্তত পাঁচ শতাধিক মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি স্থানীয় বাসিন্দা বারিক মিয়া (প্রকাশ বারিক্কা) ও খুশেদ মিয়া (প্রকাশ খোশিয়া) রাস্তার দুই পাশ কেটে চলাচলের পথ সংকুচিত করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গ্রামবাসীরা আরও দাবি করেন, রাস্তার পাশে গভীর গর্ত তৈরি করে সেখানে গোবর ও ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে কাদা ও গর্তের কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে বারিক মিয়া জানান, রাস্তার কিছু অংশ তার দলিলভুক্ত জায়গার মধ্যে পড়েছে, তাই তিনি সেখানে কাজ করেছেন।
এ বিষয়ে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, জনসাধারণের চলাচলের দীর্ঘদিনের রাস্তা কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এতে এলাকার মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোগান্তি নিরসনে এবং জনস্বার্থ রক্ষায় দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
