কমলগঞ্জে বেহাল সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের অবহেলিত ও বেহাল একটি সড়ক সংস্কারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের আমরতল-দেওড়া ছড়া সড়কের দক্ষিণ বড়চেগ এলাকার দুর্ভোগ লাঘবে শনিবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজে অংশ নেন শতাধিক গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, আমরতল থেকে দেওড়া ছড়া সড়কের দক্ষিণ বড়চেগ অংশটি বছরের পর বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বড়চেগ ও আশপাশের গ্রামের শিক্ষার্থী এবং চা-বাগান এলাকার শ্রমিকদের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়কটি। সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা ও পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়, ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়ে।
দীর্ঘদিনেও সরকারি কোনো উদ্যোগ না দেখে অবশেষে এলাকার সমাজসেবক মো. হারুনুর রশিদের নেতৃত্বে এবং স্থানীয় মুরব্বি মো. সিদ্দেক মিয়া ও মো. আফতাব মিয়ার তত্ত্বাবধানে এলাকাবাসী একতাবদ্ধ হন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে মাটি ও খোয়া ফেলে বড় বড় গর্ত ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেন।
স্থানীয়রা আক্ষেপ করে জানান, কাদা-পানির কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পোশাক প্রায়ই নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুমে অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এমনকি জরুরি অবস্থায় কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার মতো পরিবেশও থাকে না এই সড়কে।
সংস্কার কাজের উদ্যোক্তা মো. হারুনুর রশিদ বলেন, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও আমরা কোনো ফল পাইনি। তাই বাধ্য হয়েই গ্রামবাসী মিলে এই উদ্যোগ নিয়েছি। তবে এটি একটি অস্থায়ী সমাধান মাত্র।
স্থানীয় মুরব্বি মো. আফতাব মিয়া ও মো. সিদ্দেক মিয়া বলেন, “স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও এই এলাকাটি উন্নয়নে পিছিয়ে আছে। আমাদের একটাই দাবি, জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পাকাকরণ করা হোক।
এলাকাবাসী মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, নতুন এমপি এই এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবেন এবং সড়কটি পাকাকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয়দের মতে, সড়কটি পাকা করা হলে এলাকার শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।
