জৈন্তাপুর পুকুরপাড়ে মিলল দিনমজুরের লাশ
জৈন্তাপুর উপজেলার হরিপুর উৎলারপাড়ে আব্দুল হক উরফে কালা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হরিপুর উৎলারপার এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুল হক উরফে কালা মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাউর কাপন গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি দিন মজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চিকনাগুল ইউনিয়নের শুক্রবারি বাজার সংলগ্ন ঠাকুরের মাটি এলাকার লন্ডন প্রবাসী আবন মিয়ার বাড়াটিয়া বাসায় থাকতেন কালা মিয়া। বৃহস্পতিবার সকালে ফতেপুর ইউনিয়নের উৎলার পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক পার্থ বলেন, লাশের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
