জৈন্তাপুরে বানের পানিতে ভেসে যাওয়ার পাঁচ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার
জৈন্তাপুরে বন্যার পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার দরবস্ত ইউনিয়নের আমীরাবাদ গ্রাম সংলগ্ন বাসারখালে।
নিহতরা হলেন দরবস্ত ইউনিয়নের মহালিখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নজমুন নেছা (৫০) এবং ছেলে আব্দুর রহমান (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহালিখলা গ্রামের আজব আলীর স্ত্রী নজমুন নেছা (৫০) শিশু ছেলে আব্দুর রহমান (১২) কে নিয়ে ১৭ জুন শুক্রবার সকালে পার্শ্ববর্তী আমীরাবাদ গ্রামে মেয়ের বাড়ীতে পায়ে হেটে রওয়ানা করেন।
সেখানে পৌছে মেয়ের খোজখবর নিয়ে পুনরায় বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে বানের পানির স্রোতে কোথাও যেনো তারা আটকে পড়ে এবং সেখানেই মা ও ছেলের মৃত্যু হয়।
মঙ্গলবার (২১ জুন) সকালে স্থানীয় লোকজন আমীরাবাদ গ্রামের বাসেরখালে কারেন্ট জালে মাছ ধরতে গিয়ে তাদের লাশ দেখতে পায়।
এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে অবগত করলে তিনি জৈন্তাপুর মডেল থানাপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করেন।
এদিকে বন্যার কারণে সর্বত্র বিদ্যুৎ বিচ্ছন্ন, তাই সবারই মোবাইল ফোন বন্ধ থাকায় উভয় পরিবারই কারো সাথে যোগাযোগ করতে পারেনি।
নিহত মহিলার পরিবার মনে করছিল তারা মেয়ের বাড়ীতেই আছে, আবার মেয়ের ধারণা ছিল তারাত বাড়ীতেই ফিরে গেছে। এমন আলোচনাই ছিল স্বজনদের মুখে, কিন্তু মাঝ পথে মা ও ছেলের লাশ পাওয়া যাতে তা কে জানতো।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে প্রথমে লাশের পরিচয় পাওয়া যায়নি, কিছুক্ষণের মধ্যেই বিষয়টা চুতুর্দিকে ছড়িয়ে পড়লে আশপাশ গ্রামের লোকজন জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে নিহত মহিলার মেয়ে এসে সনাক্ত করলে পরে আমরা লাশ পরিবারের কাছে হস্তান্তর করি।
