মাধবপুরের ৫ চা বাগানে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটারদের ব্যাপক উপস্থিতি
সাতটি পঞ্চায়েত কমিটিতেই নতুন নেতৃত্ব নির্বাচিত
দীর্ঘ আট বছর পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সাতটি কমিটিতেই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সরব উপস্থিতি।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সুরমা চা বাগানের সায়দাবাদ ডিভিশনে প্রসেন রাজ প্রধানের প্যানেল ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিনোদ তন্তবায়ের প্যানেল পেয়েছে ৫৭ ভোট। এ কেন্দ্রে মোট ২৬৪ ভোটের মধ্যে ২৫৪টি ভোট কাস্ট হয়েছে।
বৈকুণ্ঠপুর চা বাগানে পলাশ চৌহানের প্যানেল ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গেনু কেউটের প্যানেল পেয়েছে ১৬৭ ভোট। এ কেন্দ্রে ৩৮৬ ভোটের মধ্যে ৩৮৩টি ভোট কাস্ট হয়েছে।
তেলিয়াপাড়া চা বাগানে বনমালী চাষার প্যানেল ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন তাঁতির প্যানেল পেয়েছে ৩৩২ ভোট। এ কেন্দ্রে ৭৭২ ভোটের মধ্যে ৭৬৩টি ভোট কাস্ট হয়েছে।
সুরমা চা বাগান সদর পঞ্চায়েত কমিটি নির্বাচনে দিপ কর্মকারের প্যানেল ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিনয় কৈরির প্যানেল পেয়েছে ২৯০ ভোট। এ কেন্দ্রে মোট ৮২৬ ভোটারের মধ্যে ৭৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নোয়াপাড়া চা বাগানে কমেট নায়েকের প্যানেল ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধরনি বিশ্বাস চাষার প্যানেল পেয়েছে ২৭১ ভোট। এ বাগানে ৮৫০ ভোটারের মধ্যে ৮৩৩ জন ভোট দিয়েছেন।
সুরমা চা বাগানের ১০ নম্বর ডিভিশনে শুভ বাগতির প্যানেল ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মঙ্গল মুন্ডার প্যানেল পেয়েছে ৩০৩ ভোট। এ কেন্দ্রে ১ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ৯৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জগদীশপুর চা বাগানে স্বপন চৌহানের প্যানেল ৩০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্থ গোয়ালার প্যানেল পেয়েছে ২০৭ ভোট। এ কেন্দ্রে মোট ৬৯৯ ভোটারের মধ্যে ৬৪৪ জন ভোট দিয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছেন চা শ্রমিকরা।

