টাইব্রেকারে ফেঞ্চুগঞ্জকে হারিয়ে জয় পেল সিলেট সিটি করপোরেশন
সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘রিয়াজ অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ টাইব্রেকারে জয় পেয়েছে সিলেট সিটি করপোরেশন ফুটবল দল।
শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে সিলেট সিটি করপোরেশন ফুটবল দল ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৭-৬ গোলে ফেঞ্চুগঞ্জকে হারিয়ে জয় নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশন দল।
ম্যাচে সিলেট সিটি করপোরেশন ফুটবল দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিক আহমদ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলা শেষে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতী ক্রীড়াবিদ প্রবীর রঞ্জন দাস ভানু বাবু, সাবেক ক্রীড়াবিদ এন কে দে এবং সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি রুবেল আহমদ নান্নু। এ সময় প্লেয়ার অব দ্য ম্যাচের স্মারক ও প্রাইজমানি হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এদিকে রোববার (২৯ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি বেলা ২টা ৩০ মিনিট হবে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা ও বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।
প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন।

