গোপন ভোটে দিরাই উপজেলা জামায়াতের কমিটি গঠন, গণমাধ্যমে তথ্য প্রকাশে অনীহা
সুনামগঞ্জের দিরাই উপজেলা জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের কলেজ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয় বলে জানা গেছে। তবে সম্মেলন ও কমিটি গঠনের বিষয়টি গোপন রাখা এবং গণমাধ্যমে তথ্য প্রকাশে দলটির স্থানীয় নেতাদের অনীহা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
দলের দায়িত্বশীল সূত্র জানায়, দুই বছর মেয়াদি এই কমিটিতে বর্তমান আমির মাওলানা আবদুল কুদ্দুস পুনরায় উপজেলা আমির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সেক্রেটারি হিসেবে মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং নায়েবে আমির হিসেবে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা জামায়াতের এই সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি সম্মেলন ও নবগঠিত কমিটির বিষয়ে দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
পরে লোকমুখে কমিটি গঠনের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ রায়হানুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় কমিটির পূর্ণাঙ্গ তথ্য ও নবনির্বাচিত নেতাদের ছবি চাওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করেন। রায়হানুল ইসলাম বলেন, ‘আমির সাহেবের অনুমতি না থাকায় আমি ছবি ও বিস্তারিত তথ্য দিতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে পুনর্নির্বাচিত উপজেলা আমির মাওলানা আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, ‘এ নিয়ে নিউজ করার কোনো দরকার নেই। পত্রিকায় দেওয়ার মতো এত বড় নেতা আমরা এখনো হইনি। তাছাড়া এটি আমাদের সাংগঠনিক পদ্ধতির বাইরে। কেন্দ্রীয় পর্যায় থেকেই আমাদের ছবি দিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশের বিষয়ে সাংগঠনিক নিষেধাজ্ঞা রয়েছে।’
মোশাহিদ আহমদ
দিরাই, সুনামগঞ্জ।
