সিলেটে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেট নগরীতে জুমার নামাজের সময় পার্কিং থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুটি বাইক এবং চুরির কাজে ব্যবহৃত তিনটি বিশেষ ‘মাস্টার চাবি’ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর বন্দরবাজার ও শাহপরাণ থানাধীন পীরেরচক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— সিলেটের শাহপরাণ থানার পূর্ব ভাটপাড়া এলাকার নাজমুল আহমেদ নাজু (৩১), হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গানগর গ্রামের (বর্তমানে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকার বাসিন্দা) মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মো. আব্দুল মতিন ওরফে হেরাজু মতি (২৯) এবং চট্টগ্রামের মীরসরাইয়ের (বর্তমানে নগরীর মিরাবাজার এলাকার বাসিন্দা) সজল আহমদ ইয়াছিন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকার তাকওয়া মসজিদের পাশে একটি পার্লারের সামনে নিজের লাল রঙের ‘হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি’ মোটরসাইকেল তালাবদ্ধ করে রেখে জুমার নামাজ পড়তে যান আরিফ আহমেদ নাঈম (৩৫) নামের এক ব্যক্তি। নামাজ শেষে ফিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তিনি কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে কোতোয়ালী থানার এসআই মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেল সাড়ে ৪টায় বন্দরবাজারের কুদরতউল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে নাজমুল আহমেদ নাজুকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়।
পরে নাজুর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টায় শাহপরাণ থানাধীন পীরেরচক এলাকায় অভিযান চালিয়ে চক্রের বাকি তিন সদস্য সিনবাদ, আব্দুল মতিন ও সজলকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে কুমারপাড়া থেকে চুরি যাওয়া লাল রঙের হিরো হোন্ডা গ্ল্যামার বাইকটি (রেজি. নং- সিলেট-হ-১৩-৬২০৩) এবং আরেকটি লাল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ (রেজি. নং- সিলেট-ল-১১-২৫৭৩) আরও একটি মাস্টার চাবি জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা (নং-৫১) দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিটিএসবির উপ-কমিশনার (ডিসি) মো. আফজাল হোসেন জানান, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দ্রুত বিচার ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইমরুল হাসান সিনবাদ ও আব্দুল মতিন উভয়ের বিরুদ্ধেই দ্রুত বিচার ও দণ্ডবিধির ৭টি করে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

