বানিয়াচংয়ে বড়বাজার-কাদিরগঞ্জ সড়কের উন্নয়নকাজ শুরু
হবিগঞ্জের বানিয়াচংবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব ও বহু প্রতীক্ষিত বড়বাজার থেকে কাদিরগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ অবশেষে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের আন্তরিক প্রচেষ্টায় সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচংয়ের বড়বাজার থেকে কাদিরগঞ্জ পর্যন্ত যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের মাঝামাঝি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সারং বাজার। এমনকি সংসদ সদস্য ডা. জীবনের বাড়িও এই সড়কটির মাঝামাঝি এলাকাতেই। অথচ জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে সড়কটি অবহেলিত ও সংস্কারহীন অবস্থায় পড়ে ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমেও এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
অবশেষে সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। বর্তমানে সড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব বাড়াতে সাইড সোলিং বা পাশে ইট বসানোর কাজ দ্রুতগতিতে চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটি ধাপে ধাপে মানসম্মতভাবে উন্নয়ন করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ‘দুপথা’ পর্যন্ত কাজ সম্পন্ন করা হবে এবং পরবর্তী ধাপে বাকি অংশের কাজ বাস্তবায়িত হবে।
এলাকাবাসীর মতে, এই সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হলে বানিয়াচংয়ের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি সারং বাজার ও বড়বাজারকেন্দ্রিক স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক গতির সঞ্চার হবে।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কের কাজের গুণগত মান কঠোরভাবে বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন।

