কানাইঘাটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়। এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংক কার্যালয়ের প্রবেশপথের গেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।
এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা নৈশপ্রহরী ও বাসস্টেশনে অবস্থানরত কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্যাংকের নিচতলার ফটক ও সাইনবোর্ডে লাগা আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরের সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যালয়টি পরিদর্শন করেছেন। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ব্যাংকের জৈন্তাপুর এরিয়া ইনচার্জ জানিয়েছেন, সিলেটের প্রতিটি গ্রামীণ ব্যাংক শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব শাখা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
কানাইঘাট গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক এমদাদুল হক জানিয়েছেন, অগ্নিসংযোগের চেষ্টা করা হলেও ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার একটি ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ওসি।

