কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, আমরা দীর্ঘদিন অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল ছিলাম। এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই; আমাদের মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হতে হবে। দেশের স্বনির্ভরতা অর্জন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনে খামারি, প্রশাসনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা এস এম জামান মতিন ও রেদওয়ান খান এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিউদ্দিন তুহিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশের আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল খামারি, ভেটেরিনারি চিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
