ব্যক্তিগত উদ্যোগে বিকল্প রাস্তা তৈরির ঘোষণা বিএনপি নেতার
সিলেটের জকিগঞ্জে সুরমা নদীর তীব্র ভাঙনে প্রধান বন্যা নিয়ন্ত্রণ ডাইকের প্রায় ২০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী শত শত বসতবাড়ি ও ফসলি জমি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়নের আটগ্রাম নালুহাটি এলাকায় আকস্মিকভাবে এই ভয়াবহ ভাঙন দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র স্রোতে ডাইকের বিশাল অংশ ধসে নদীগর্ভে তলিয়ে যায়। ডাইকটি চলাচলের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হওয়ায় মুহূর্তের মধ্যেই কয়েকটি গ্রামের হাজারো মানুষের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা। নদীভাঙনের তীব্রতায় তীরবর্তী বাসিন্দারা এখন বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভয়াবহ এই ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক ও সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান শাহেদ আহমদ রাসেল। তিনি ভাঙনকবলিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং আতঙ্কগ্রস্ত স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
এ সময় জনসাধারণের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করতে ব্যক্তিগত অর্থায়নে দ্রুত একটি বিকল্প রাস্তা নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু হবে বলে জানান এই বিএনপি নেতা।
একই সঙ্গে ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন শাহেদ আহমদ রাসেল। তিনি দ্রুত সময়ের মধ্যে সুরমা নদীর এই ঝুঁকিপূর্ণ অংশে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর তাগিদ দেন এবং কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন।
বিপদের মুহূর্তে এমন তাৎক্ষণিক উদ্যোগ ও পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে এসে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
ব্যবহারের জন্য বিকল্প কয়ে
