‘সিলেটের উন্নয়ন ও রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর অবদান চিরস্মরণীয়’
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিন উপলক্ষে সিলেটের কানাইঘাটে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট দক্ষিণ বাজারস্থ কমিউনিটি ক্লাবের মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক এবাদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল বলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরী ছিলেন জাতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে বৃহত্তর সিলেটের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শ ও দেশমাতৃকার কল্যাণে কাজ করে গেছেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জালাল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী কয়ছর রশিদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক কাওছার আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মেম্বার, যুবদল নেতা বশির আহমদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ প্রমুখ।
বক্তারা আবুল হারিছ চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাজী জসিম উদ্দিন।
এর আগে, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বাদ আসর কানাইঘাট বাজার জামে মসজিদে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

