রাজনগরে মেছো বিড়াল ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতামূলক সভা
মৌলভীবাজারের রাজনগরে মেছো বিড়াল, বন্যপ্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বন অধিদপ্তরের সহযোগিতায় এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’-এর প্রচারণায় এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে উত্তরভাগ ও ইন্দানগর চা বাগান কর্তৃপক্ষ।
উত্তরভাগ চা বাগানের উপ-ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগেন্দ্র সরকার চঞ্চল।
সভায় প্রধান আলোচক ও বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখতে বন্যপ্রাণী ও জলাভূমির ভূমিকা অপরিসীম। বিশেষ করে মেছো বিড়ালসহ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীগুলো আমাদের বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। নির্বিচারে বন ধ্বংস ও বন্যপ্রাণী নিধনের কারণে আজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় বন্যপ্রাণীকে কোনো প্রকার ক্ষতি না করে তাদের নিরাপদে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে চা বাগান ও গ্রামীণ এলাকার মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের সিনিয়র ম্যানেজার লোকমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহমেদ ও জিতু মিয়া, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ম্যানেজার শিমুল নাথ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ এবং সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, চা বাগানের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
