কেবল পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই লক্ষ্য: এমপি এমরান চৌধুরী
কেবল পাসের হার বা জিপিএ বৃদ্ধি নয়, বরং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৃত মেধাবী ও দক্ষ সুনাগরিক গড়ে তোলাই রাষ্ট্রের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, ভালো গ্রেড পেয়ে পাস করার পর যদি চাকরির পরীক্ষায় গিয়ে বাস্তব দক্ষতার প্রমাণ দেওয়া না যায়, তবে সেই শিক্ষার কোনো সার্থকতা নেই। এমন কাগুজে শিক্ষা দেশ ও জাতির জন্য কাম্য নয়। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাবলম্বী করতে হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।
সোমবার (২ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতের অগ্রাধিকার তুলে ধরে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বাজেটে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টি নিশ্চিতে মিড ডে মিল চালুর পাশাপাশি ধাপে ধাপে স্কুলব্যাগ, জুতা ও ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া মেয়েদের জন্য উচ্চশিক্ষা (স্নাতক) পর্যন্ত পড়াশোনা অবৈতনিক করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর জোর দিয়ে তিনি বলেন, “কেবল বিদেশে পাড়ি জমানোর মানসিকতা নিয়ে পড়াশোনা করলে চলবে না; মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়ন ও কল্যাণেও অবদান রাখতে হবে।” শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ও ডিজিটাল ডিভাইসে আসক্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, সংসদে বিভিন্ন নীতি নিয়ে বিতর্ক ও আলোচনা-সমালোচনা থাকবেই, কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অগ্রগতির প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী। শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী এবং উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির এবং মো. ইখতিয়ার উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

