মায়ের সঙ্গে লাকড়ি কুড়াতে গিয়ে আর ফেরা হলো না ৭ বছরের হানজালার
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব মাধবপুর এলাকায় সোনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত হানজালা পূর্ব মাধবপুর গ্রামের জলফু মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে হানজালা তার মায়ের সঙ্গে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে সোনাই নদীর তীরে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে মাধবপুর ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পরও শিশুটির সন্ধান না পাওয়ায় হবিগঞ্জ জেলা সদর থেকে অভিজ্ঞ ডুবুরি দল তলব করা হয়। পরবর্তীতে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে বিকেল সাড়ে ৬টার দিকে নদী থেকে শিশু হানজালার নিথর দেহ উদ্ধার করে।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। নিষ্পাপ এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর স্থানীয় ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ থেকে আসা ডুবুরি দলের দীর্ঘ প্রচেষ্টায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
