বিশ্বনাথে দশঘর ও দৌলতপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি শুরু
সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুফল প্রকৃত দুস্থ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ও দৌলতপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম।
শুমারির মাধ্যমে স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে প্রতিটি পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তথ্যভাণ্ডার (ডাটাবেজ) সংরক্ষণের কাজ চলছে।
শুমারি কার্যক্রমের উদ্বোধন ও প্রথম দিনের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই এই শুমারির মূল লক্ষ্য। কোনো প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবার যেন বাদ না পড়ে এবং স্বচ্ছল ব্যক্তিরা যাতে অন্যায্য সুযোগ নিতে না পারেন, সে জন্য প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হচ্ছে। একটি সুনির্দিষ্ট ডাটাবেজ তৈরি হলে ভবিষ্যতে যেকোনো সরকারি ত্রাণ ও আর্থিক প্রণোদনা বণ্টনে কোনো প্রকার জটিলতা তৈরি হবে না।
শুমারি কার্যক্রম চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন এবং স্থানীয় রাজনৈতিক নেতা কাওসার খান।
এছাড়াও কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে দশঘর ও দৌলতপুর ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ (মেম্বার) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে এই শুমারি সম্পন্ন হবে, যার সরাসরি সুফল ভোগ করবেন দুই ইউনিয়নের সাধারণ মেহনতি মানুষ।

