১৯ বিজিবির বিশেষ অভিযান: এয়ারগান ও ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার পণ্য জব্দ
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকিসহ প্রায় ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের আওতাধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে ১৯ বিজিবির অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় এয়ারগান এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১১ হাজার টাকা।
এদিকে একই দিনে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৮৫ পিস ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, ৩টি মহিষ, ১টি গরু, ২৮৮ পিস বিভিন্ন প্রকার শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।
বিজিবি জানায়, দুই অভিযানে উদ্ধারকৃত এয়ারগান, ওয়াকিটকি ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২০ লাখ ৮৩ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কানাইঘাট থানা হেফাজতে এবং অন্যান্য চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

