কোম্পানীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এওয়ার্ড’ (অ্যাসোসিয়েশন অব ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট)-এর বাস্তবায়নে সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পাড়ুয়াস্থ এওয়ার্ডের ইউনিট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাছাইকৃত ৪টি প্রান্তিক পরিবারের হাতে এসব বকনা গরু তুলে দেওয়া হয়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে ও এওয়ার্ডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে গবাদিপশু পালন একটি অন্যতম কার্যকর মাধ্যম। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এই বকনা গরুগুলোই পরিবারগুলোর স্থায়ী আয়ের উৎস হয়ে দাঁড়াবে।” তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে উপকারভোগীদের সার্বক্ষণিক প্রয়োজনীয় পরামর্শ, ভ্যাকসিন ও চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওয়ার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদের উপ-সহকারী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা।
এ সময় সংস্থাটির এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার খোকন সরকার ও সমিরন সরকার, সহকারী হিসাবরক্ষক সুবল চন্দ্র পাল এবং অফিস সহকারী আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন, দরিদ্র মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের টেকসই উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

