বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাব হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। যুবকদের মেধা ও শ্রমকে উৎপাদনশীল খাতে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে।
সভায় অন্যান্য বক্তারা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সরকারের দেওয়া বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কাজে লাগিয়ে যুবকরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

