দোয়ারাবাজারে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমের সভাপতিত্বে এবং অফিস সহকারী সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। যুবসমাজই যেকোনো দেশের পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। তরুণদের মেধা, শ্রম, উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি স্বনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা, আধুনিক কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হয়ে উঠতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের যুগোপযোগী প্রশিক্ষণ ও ঋণ সহায়তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। একই সঙ্গে বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও সকল প্রকার সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার তরুণ ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
