‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’ শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী
সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। পরিবারের সদস্যদের অজান্তে শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে নিজের পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা ও শিক্ষককে দায় এবং মা-বাবার প্রতি অনুশোচনার কথা লিখেছে হৃদয়।
চিরকুটে সে লিখেছে, আজকের ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বাবা-মা আমার জন্য তাদের নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। তবে গার্ডরত স্যারের ভুলের জন্য আজ এমন হলো। আব্বু আম্মু আমাকে ক্ষমা করে দিও।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

