গোয়াইনঘাটে ব্যবসায়ী বদরুল হত্যা, ১১ জনকে আসামি করে মামলা
গোয়াইনঘাট উপজেলায় বালু ব্যবসায়ী বদরুল আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ভাই মোঃ আখলাকুল আম্বিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা (নং-১২) দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে বদরুল আলমের ব্যবসায়িক বিরোধ চলছিল। এর জেরে গত ১১ অক্টোবর ভোরে বদরুল আলম মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের গোরাগ্রামে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিপথ রোধ করে।
পূর্বপরিকল্পিতভাবে ৬ নম্বর আসামি সুয়াইবুর রহমান ছবুর নির্দেশে অন্যান্য আসামিরা বদরুল আলমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক রক্তাত্ত জখম করে। এ সময় ১ নম্বর সাক্ষী ছাদেক আলী তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাঁকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছাদেক আলী বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলায় অন্যান্য আসামিরা হলেন, শাহিনুর রশীদ (২৯), তুহিন আহমদ (২৩), নুরুজ্জামান নুরুজ (২৩), মামুনুর রশীদ (৩৬), ফয়েজ আহমদ (৩২), সুয়াইবুর রহমান ছবুর (৩৮), আমিনুর রশীদ (৩২), ছালিম আহমদ (২৫), সাইফ আহমদ (৩৩), নোমান আহমদ (২০) ও ইমন (২৪)। আসামিরা সবাই গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এজাহারের ভিত্তিতে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

