বিশ্বনাথে খাজাঞ্চিতে তালুকদার গিয়াস উদ্দিনের সমর্থনে বিশাল মতবিনিময় সভা
আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক চেয়ারম্যান ও খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার ৪নং ওয়ার্ডের শাহ সাহেবের গাঁও এলাকায় আয়োজিত এই সভায় ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কান্দিগ্রামের বিশিষ্ট মুরুব্বি ওয়াহাব উল্লাহর সভাপতিত্বে সভাটি জনসমুদ্রে পরিণত হয়।
সভায় বক্তারা তালুকদার গিয়াস উদ্দিনকে বিএনপির রাজনীতির একনিষ্ঠ ও পরীক্ষিত কর্মী হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ২০১৬ সালে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর গত নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল। আসন্ন নির্বাচনে জনপ্রিয়তা ও ত্যাগের বিবেচনায় দলীয় হাইকমান্ড তাকেই মনোনয়ন দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তাহের মোহাম্মদ হোসাইন বলেন, ‘মাঠের এই জনস্রোত প্রমাণ করে খাজাঞ্চির মানুষ গিয়াস উদ্দিনকে ভুলে যায়নি। তিনি ইলিয়াস পরিবারের একজন বিশ্বস্ত সৈনিক।’
চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘খাজাঞ্চি ইউনিয়ন ছিল আমাদের জনপ্রিয় নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর দ্বিতীয় বাড়ি। তিনি প্রতিটি গ্রামে যে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, ফ্যাসিস্ট সরকারের গুমের শিকার হওয়ায় তা থমকে গেছে। দল আমাকে মূল্যায়ন করলে এবং জনগণ সুযোগ দিলে আমি ইলিয়াস আলীর সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করব।’ তিনি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর দ্রুত সন্ধান দাবি করেন।
ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, ফারহান উদ্দিন, কয়েছ আহমদ সবুজ ও আব্দুল বাসিতের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা আব্দুল হাই জেহাদি, খাজাঞ্চি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুস শহিদ, বিশিষ্ট মুরব্বী শায়েস্তা হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কছির আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, উম্মর আলী, আরব আমিরাত যুবদল নেতা শাহজাহান সজিবসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।
ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান সৈয়দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

