মাধবপুরে ১১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ১১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নানা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
ইউএনও জানান, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা বসানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিরেষ ভট্টাচার্য হিরো, সদস্যসচিব সুমিত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ পাল ও সাধারণ সম্পাদক লিটন রায়।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাধবপুরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

