নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১১ মামলা
নবীগঞ্জ পৌরশহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ যানবাহন পার্কিং ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ১১টি মামলা দায়ের করা হয়। এ সময় দণ্ডবিধি অনুযায়ী সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২০ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা প্রশাসনের অন্যতম লক্ষ্য। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং পৌরসভার কর্মচারীরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
