না ফেরার দেশে অনন্ত বিজয় দাশের মা পিযুষ রানী দাশ
সিলেটে উগ্রবাদীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের মা পিযুষ রানী দাশ (৭৫) আর নেই। বুধবার (১৫ অক্টোবর) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পিযুষ রানী দাশের জামাতা ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর।
পরিবার সূত্রে জানা গেছে, পিযুষ রানী দাশ দীর্ঘ দিন ধরে কিডনি ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৫ সালের ১২ মে ছেলে অনন্ত বিজয় দাশকে নৃশংসভাবে হত্যার পর থেকেই মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। সেই শোক সইতে না পেরে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি। এর আগে, ছেলে হত্যার বছরখানেক পরেই তার বাবা রবীন্দ্র কুমার দাশ মৃত্যুবরণ করেন।
বুধবার সকালে নগরীর চালিবন্দর মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্যাংকার অনন্ত বিজয় দাশকে। তিনি বিজ্ঞানমনস্ক ম্যাগাজিন ‘যুক্তি’র সম্পাদক ছিলেন এবং মুক্তমনাসহ বিভিন্ন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। ছেলের অকাল মৃত্যু ও তার বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা পিযুষ রানী দাশকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল বলে জানিয়েছেন স্বজনরা।

