সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এফআইভিডিবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (এফআইভিডিবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
‘দি গ্রীন ইভোলিউশন: পাথওয়েজ টু ট্রান্সফরমিং ফুড সিস্টেমস ইন ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড নেপাল’ শীর্ষক বৈশ্বিক গবেষণা প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফিউল্যাহ মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফিউল্যাহ মজুমদার বলেন, ‘বর্তমান বিশ্বের আবহাওয়া পরিবর্তন ও জলবায়ু ঝুঁকির মুখে টেকসই কৃষি এবং নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক গবেষণার পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘ভারত, বাংলাদেশ ও নেপালের খাদ্য ব্যবস্থা রূপান্তরের লক্ষ্যে গৃহীত এই প্রকল্প আঞ্চলিক কৃষি গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরে নতুন মাত্রা যোগ করবে। এই সমঝোতা স্মারকের ফলে সিকৃবি’র শিক্ষার্থী ও গবেষকরা বাস্তবমুখী গবেষণার সুযোগ পাবেন এবং এফআইভিডিবি’র মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্প্রসারণে সহায়ক হবে।’
চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং খাদ্য ব্যবস্থার রূপান্তরে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও দপ্তর প্রধানগণ, শিক্ষক, গবেষক এবং এফআইভিডিবি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

