বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর মেকানিকের মৃত্যু, দাফন সম্পন্ন
সিলেটের বিয়ানীবাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় হাসান আহমদ (১৪) নামে এক কিশোর মেকানিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাসান আহমদ বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে পেশায় একজন মোটর মেকানিক হিসেবে উপজেলার নয়াবাজারের একটি ওয়ার্কশপে কর্মরত ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হাসান ব্যক্তিগত কাজে দিঘিরপার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন, যার বাড়ি দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে বলে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে স্থানীয় মিনার গুষ্টি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তরুণ এই কর্মজীবী কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
