জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
সুনামগঞ্জের জগন্নাথপুরে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরশহরের টিএনটি সড়ক এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পৌরশহরের টিএনটি সড়কস্থিত ‘মেসার্স বাউধরন স্টোর’-কে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ফুটপাতে ভেজাল ও নিম্নমানের মধু বিক্রির অপরাধে আরেক মধু বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় এ সময় জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ বা ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে।
