মিরতিংগা চা বাগানে বোনাস ও বকেয়ার দাবিতে হাজারো শ্রমিকের অবস্থান ধর্মঘট
দুর্গাপূজার বোনাস এবং বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে টানা অবস্থান ধর্মঘট পালন করেছেন ১ হাজার ১৭ জন চা শ্রমিক। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে এ কর্মসূচি শুরু হয়।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া পাওনা এবং আসন্ন দুর্গাপূজার বোনাস নিয়ে মালিকপক্ষ নানা টালবাহানা করছে। অবিলম্বে এই পাওনা পরিশোধের দাবিতে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।
অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাং। বক্তারা বলেন, আমরা অধিকারের দাবিতে মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আমরা কাজে ফিরব না।
এ বিষয়ে বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর দুর্গাপূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দেওয়ার নিয়ম রয়েছে। তবে কৃষি ব্যাংক থেকে সময়মতো ঋণ না পাওয়ায় এবার আমরা ৩০ শতাংশ বোনাস দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছি।
তবে শ্রমিকরা তাদের আগের অবস্থানে অটল রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে কোনো সুনির্দিষ্ট সমাধান পাওয়া যায়নি।
