রাজনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিনির্বাপণ পদ্ধতি, আহত ব্যক্তিদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার কৌশলগুলো হাতে-কলমে প্রদর্শন করা হয়। মহড়া শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু পালের সঞ্চালনায় সভায় দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি প্রস্তুতির পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সঠিক পরিকল্পনা ও সচেতনতা অপরিহার্য। দুর্যোগ সহনশীল দেশ গড়তে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দ্র দাস, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর থানার ওসির প্রতিনিধি এসআই লোকমান হোসেন, মুহিব উদ্দিন ও সাংবাদিক জুয়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
