কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আবাসিক কোয়ার্টারসমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।
সোমবার (১১ অক্টোবর) বিকেলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন এবং হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান এবং স্থানীয় বিএনপি ও খেলাফত মজলিশের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ইউএনও স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. স্বপ্নীল সৌরভ রায়সহ অন্যান্য চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় করেন। এ সময় ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক সময়ে হাসপাতালের কোয়ার্টার এলাকায় মাদকসেবী ও বখাটেদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বহিরাগতদের আনাগোনায় সেখানে বসবাসরত চিকিৎসক ও নার্সরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরিস্থিতি বিবেচনায় ইউএনও সুমাইয়া ফেরদৌস হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বেশ কিছু নির্দেশনাসহ কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন। তিনি হাসপাতালের সীমানা প্রাচীর উঁচুকরণ, রাতের বেলা পুলিশ টহল জোরদার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্যদের অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি আমানুর রশিদ চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা বিঘ্নিতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
