রাজনগরে তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন কার্যক্রম শুরু
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারের তালিকা প্রণয়নের কাজ শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ওয়ার্ডগুলো হলো— ১নং ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড এবং ৭নং কামারচাক ইউনিয়নের ১নং ওয়ার্ড।
এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার।
ব্রিফিংয়ে ইউএনও বিপুল সিকদার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উপকারভোগী নির্বাচনের মানদণ্ড তুলে ধরেন। তিনি বলেন, সরকারের এই মহৎ উদ্যোগটি যেন সুশৃঙ্খল ও স্বচ্ছ হয়, সেজন্য আমরা কাজ করছি। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সময় প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যাতে এই সুবিধার আওতায় আসে, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদুর রহমান ইমরান, সহযোগী সদস্য জুয়েল আহমদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
