বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির হুঁশিয়ারি
সিলেটের বিশ্বনাথে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি। নেতাদের স্পষ্ট বার্তা—দলের পদ-পদবি ব্যবহার করে ব্যক্তিগত বা স্থানীয় বিরোধকে দলীয় ইস্যুতে রূপ দেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বুধবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় নেতৃবৃন্দ এই কড়া হুঁশিয়ারি দেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী বলেন, সম্প্রতি উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকি ও ইসবপুর গ্রামের মধ্যকার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্বনাথ পৌর শহরে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ইতোমধ্যে ১৪৪ ধারা জারি করেছে।
তিনি আরও বলেন, কোনো এলাকার ব্যক্তিগত বা স্থানীয় বিরোধকে কেন্দ্র করে দলীয় ব্যানারে কর্মসূচি আয়োজন বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। সুতরাং বিএনপির নাম ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা করলে বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের নাম ভাঙিয়ে কোনো অশুভ তৎপরতা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই বলেন, দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল বা স্থানীয় বিরোধকে উসকে দেওয়ার সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ব্যক্তিগতভাবে কোনো কর্মসূচি পালন করলে তার দায়ভার দল বহন করবে না।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। যেকোনো বিষয়ে কর্মসূচি ঘোষণার আগে সাংগঠনিক আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক।
সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
সভায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার সমাপ্তিতে নেতৃবৃন্দ সকলকে শান্ত ও সংযত থেকে এলাকায় সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।
