সাংবাদিক আবুল মোহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সিলেটের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, দৈনিক শ্যামল সিলেটের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
আবুল মোহাম্মদ সিলেটের সাংবাদিকতায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দৈনিক শ্যামল সিলেট প্রকাশনার পরপরই তিনি পত্রিকাটির সঙ্গে যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, নিউজ ইনচার্জ এবং সর্বশেষ প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ সম্পাদনা, শিরোনাম নির্বাচন ও সংবাদ উপস্থাপনায় তাঁর দক্ষতা সহকর্মীদের কাছে প্রশংসিত ছিল।
সিলেটের সাংবাদিক অঙ্গনে তিনি ‘আবুল ভাই’ নামে পরিচিত ছিলেন। সহকর্মী ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল।
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন আবুল মোহাম্মদ। ২০২১-২২ মেয়াদের নির্বাচিত কমিটির নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্নের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, মৃত্যুর মাত্র দুই দিন আগেও, ২০ সেপ্টেম্বর রাতে তিনি দৈনিক শ্যামল সিলেটের নিউজরুমে দায়িত্ব পালন করেন। নিয়মিত সংবাদ সম্পাদনা ও শিরোনাম তৈরির কাজ করেন তিনি। এরপর ২২ সেপ্টেম্বর দুপুরে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
আবুল মোহাম্মদের জন্ম ১৯৭২ সালের ১৫ ডিসেম্বর। সিলেট নগরীর মাছিমপুর দোয়েল-১৭ (লম্বাবাড়ি) এলাকার বাসিন্দা জহুর উদ্দিনের দ্বিতীয় ছেলে তিনি। ব্যক্তিজীবনে তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
মৃত্যুর পর সহকর্মীদের মধ্যে তাঁর স্মৃতি এখনও জড়িয়ে আছে। দৈনিক শ্যামল সিলেটের নিউজরুমে যে আসনে বসে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, সেই আসনটি তাঁর সহকর্মীদের কাছে আজও তাঁর স্মৃতির সঙ্গে যুক্ত। তাঁর সহকর্মীরা বলছেন, পেশাগত দক্ষতা, অমায়িক আচরণ ও সহকর্মীদের সঙ্গে আন্তরিকতার কারণে তিনি সবার কাছে আলাদা জায়গা করে নিয়েছিলেন।
প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছেন পরিবারের সদস্য, সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।

