সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
সিলেট নগরের মীরবক্সটুলা এলাকায় অনুমোদনহীন শিশু খাদ্য ও ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মীরবক্সটুলা এলাকার তিনটি প্রতিষ্ঠানে সরকারি অনুমোদনহীন শিশু খাদ্য ও ওষুধ বিক্রির সত্যতা পাওয়া যায়। ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ‘দি পপুলার ফার্মেসি’কে ১৮ হাজার টাকা, ‘লয়েডস মেডিকেল’কে ১৫ হাজার টাকা এবং ‘সাফওয়ান মেডিকেল হল’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় অনুমোদনহীন ওষুধ ও শিশু খাদ্য বিক্রির বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। আজ তিনটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

