গোয়াইনঘাটে প্রকৌশলীর অফিসে তালা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর-সোনারহাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। একই সঙ্গে সড়ক সংস্কারে অবহেলা ও দীর্ঘসূত্রতার অভিযোগ এনে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট সরকারি কলেজ গেট সংলগ্ন মোড়ে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন কলেজ শিক্ষার্থীসহ কয়েকশ সাধারণ মানুষ। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা একটি মিছিল নিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। সেখানে তারা দায়িত্বরত প্রকৌশলী হাসিব আহমেদের অপসারণ ও শাস্তিমূলক বদলির দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে তারা প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় আন্দোলনকারীদের ‘বিতর্কিত প্রকৌশলীর শাস্তিমূলক বদলি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন এবং সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে সড়ক সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পিরিজপুর-সোনারহাট সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। একাধিকবার স্মারকলিপি দিলেও কোনো ফল পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।

