সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন
সিলেট বিভাগে হামে আক্রান্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়েই টলছে। প্রতিদিন বিপুলসংখ্যক নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরও বাড়ছে চাপ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছে ৪১৫ জন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১২১ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ১২১ জনের মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ১৪ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১৩০ জন। অর্থাৎ সিলেটের এই দুটি প্রধান সরকারি হাসপাতালে মোট ৩০৩ জন হাম সন্দেহে ভর্তি।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন চিকিৎসাধীন।
সিলেট বিভাগের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন হাম সন্দেহে ভর্তি আছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে রুবেলার দুই রোগীর তথ্যও রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে ১৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৪ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হাম রোগে ৫৭ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

