জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব, জাতীয় নেতা আলহাজ আবুল হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)। ২০২১ সালের এই দিনে নিভৃতে পরলোকগমন করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এই প্রভাবশালী ব্যক্তিত্ব ও জাতীয় নেতা।
হারিছ চৌধুরী ছিলেন সিলেটের রাজনৈতিক গর্ব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ভারতের মেঘালয়ে প্রশিক্ষণ শেষে সিলেটের রণাঙ্গনে ‘স্পাই’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ‘জেড ফোর্সে’র অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন অন্যতম কাণ্ডারি এবং দীর্ঘ ১৩ বছর দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় রাজনীতিতে তাঁর প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
সিলেটের মাটি ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল অতুলনীয়। ১৯৯৫ সালে ‘সিলেট বিভাগ’ বাস্তবায়ন ছিল তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। কানাইঘাট-জকিগঞ্জসহ গোটা সিলেটে অসংখ্য রাস্তাঘাট, বড় বড় সেতু এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তাঁর হাত ধরেই সিলেটের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল।
হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে দেশ ও প্রবাসে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
হারিছ চৌধুরী ফাউন্ডেশন ও তাঁর পরিবারের পক্ষ থেকে হারিছ কন্যা ব্যারিস্টার সামিরা তানজীন চৌধুরী তাঁর মরহুম পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

