আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় সফরে সিলেটে আসছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সফরকালে তিনি বিজিবি’র একটি বিশেষায়িত স্কুল উদ্বোধনসহ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবেন। সিলেটে পৌঁছে দুপুরে তিনি বিজিবি সেক্টর সদর দপ্তরে উপস্থিত হয়ে ‘Shimanto School of Surveillance and Drone Warfare’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থিরচিত্র পর্বে অংশ নেওয়ার পাশাপাশি ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।
বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী। সভায় সিলেটের নিরাপত্তা ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফর শেষে একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।
মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করেছে।

