বিশ্বনাথে পুকুরে ডুবে ৫ম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু
সিলেটের বিশ্বনাথে বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ছাদিয়া আক্তার নিহা (১১) নামের এক স্কুলশিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছাদিয়া বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে এবং স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছাদিয়া তার সহপাঠী ও প্রতিবেশী নাজিফাকে সাথে নিয়ে বাড়ির পুকুরে প্লাস্টিকের খালি বোতলের সাহায্যে সাঁতার কাটছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। পুকুরপাড়ে থাকা অন্য এক শিশু বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা পুকুরে নেমে নাজিফা ও ছাদিয়াকে উদ্ধার করেন। তাৎক্ষণিক চেষ্টায় নাজিফার পেট থেকে পানি বের করা হলে তার জ্ঞান ফিরে আসে। তবে ছাদিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাদিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
