রাজনগরে একই গাছে ঝুলছিল চা শ্রমিক দম্পতির মরদেহ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে একই দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— উদনা চা বাগানের মঙ্গল বাউরী (৩৫) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী বিনতা বাউরী (৩২)। বিনতা বাউরী একই বাগানের বিধবা নারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদনা চা বাগানের শ্রমিক মঙ্গল বাউরী তাঁর প্রথম স্ত্রীর অগোচরে প্রায় এক মাস আগে বিনতা বাউরীকে বিয়ে করেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে এই বিয়ে মেনে না নেওয়ায় তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে উঠতে পারছিলেন না। এ নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিলে গত কয়েকদিন ধরে তিনি বিনতাকে নিয়ে বিভিন্ন বাগানে আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন।
রোববার সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলায় একটি গাছে একই দড়িতে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাগানের এক প্রহরী। পরে বাগান কর্তৃপক্ষ বিষয়টি রাজনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
