বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য উদ্বোধন
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
উদ্বোধন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর ও জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে জনগণের পুষ্টির চাহিদাও নিশ্চিত হচ্ছে। মৎস্য সম্পদের যথাযথ উন্নয়নে আমাদের আরও যত্নবান হতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন কুমার ধর। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর এবং গীতা পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফুলরানী ভট্টাচার্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লিলু মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। মৎস্য চাষে বিশেষ সাফল্যের জন্য দেওকলস ইউনিয়নের আবু বক্কর এবং শুঁটকি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লামাকাজী ইউনিয়নের জসিম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ, মৎস্য চাষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
