রাজনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. একেএম মহসীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাকিম বকস সুন্দর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোক্তাদির বিল্লাহ, মনসুরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের মইনুল ইসলাম মালুম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ছালিক মিয়া এবং আজিজুল হক রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বর্তমানে বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সরকারের সঠিক দিকনির্দেশনা ও মৎস্যজীবীদের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে আমাদের উৎপাদিত মাছ এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গুরুত্বারোপ করে বক্তারা আরও বলেন, প্রাকৃতিক জলাশয় ও উন্মুক্ত জলাভূমিতে দেশি মাছের বংশবিস্তার নিশ্চিত করতে হবে। বিশেষ করে কারেন্ট জাল ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বন্ধ করা এখন সময়ের দাবি। এসব জালের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে এবং এগুলো নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমিতির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
