আজমিরিগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল পকেটে ভরলেন পুলিশ কর্মকর্তা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক ফল ব্যবসায়ীর দোকান থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর স্থানীয় ব্যবসায়ী ও জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানা সংলগ্ন রাজিব মিয়ার ফলের দোকানে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রাসেল, তিনি আজমিরীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
প্রকাশ্যে আসা ২৫ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৮টা ৫২ মিনিটের দিকে এসআই রাসেল ফল কেনার পর দোকানি রাজিব মিয়াকে টাকা পরিশোধ করেন। এরপর তিনি বাম হাতে নিজের মোবাইল ফোনটি তুলে নেন। ঠিক পরক্ষণেই টেবিলের ওপর থাকা দোকানির অন্য একটি মোবাইল ফোন ডান হাতে নিয়ে পকেটে ভরেন এবং স্বাভাবিক ভঙ্গিতে দোকান থেকে বেরিয়ে যান।
ভুক্তভোগী ফল ব্যবসায়ী রাজিব মিয়া এই বিষয়ে গণমাধ্যমের কাছে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরে পুলিশ বিভাগের ভাবমূর্তি রক্ষায় রাতেই উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে এসআই রাসেলের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে আজমিরীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপসে সমাধান করা হয়েছে এবং মোবাইল ফোনটি দোকানিকে ফেরত দেওয়া হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি ভুলবশত হয়েছে নাকি উদ্দেশ্যপ্রণোদিত। তবে বিষয়টি নিয়ে এলাকায় এখনো গুঞ্জন চলছে।

