সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম আবেদ মাহমুদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।
বক্তারা বলেন, আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন একজন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং আপসহীন পেশাদার সাংবাদিক। সাংবাদিকতার কঠিন পথচলায় তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
স্মরণসভায় বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে আবেদ মাহমুদের কর্ম ও সততাকে আদর্শ হিসেবে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতিরক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
স্মরণসভায় বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, বিলেতপ্রবাসী সাংবাদিক একেএম মহিম, সাংবাদিক কুদরত পাশা, মাসুক মিয়া, শামসুল কাদির মিসবাহ, শাহরিয়ার সুমন এবং কর্ণ বাবু দাস প্রমুখ।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

