মাধবপুরে সরকারি রাস্তা দখল করে দালান নির্মাণের অভিযোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে সরকারি রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা (দালান) নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ সুগম করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান ভূইয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, বুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরগ গ্রামের দক্ষিণপাড়া থেকে সাহাবুদ্দিনের বাড়ি হয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থীসহ প্রায় ২ থেকে ৪ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে গ্রামের কাসেম মিয়া, মাছুম ও হানিফ মিয়া জনগুরুত্বপূর্ণ এই সরকারি রাস্তার একটি অংশ দখল করে দালান নির্মাণ করেন।
এর ফলে রাস্তার প্রস্থ কমে গিয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে, যা সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি করে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক করলেও অভিযুক্তরা কোনো সমাধান মানেননি।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে ২০২১ এবং ২০২৪ সালেও একই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে উচ্ছেদ প্রক্রিয়া থমকে আছে।
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান ভূইয়া বলেন, সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করায় হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। আমরা দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ চাই।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
