রাজনগরে বন্যাকবলিতদের পাশে সিলেটের ডিআইজি জিল্লুর
বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় মনু নদীর তীরে এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাকবলিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ জিল্লুর রহমান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী আমাদের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ সবসময় জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করে যেতে চায়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, নোবেল চাকমা ও আবুল খায়ের। এছাড়া রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়াসহ সিলেট রেঞ্জ, জেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন এলাকার কয়েকশ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে পুলিশের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
